
শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা করলেন শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন। বৃহস্পতিবার (১০, সেপ্টেম্বর) সকালে উক্ত বিদ্যালয়ের হলরুমে ক্লাস শুরু হবার আগে বিদ্যালয়টির ছাত্রীদের সাথে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধে সচেতনমূলক মত বিনিময় করেন তিনি। এসময় স্কুলটির প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। আলোচনা ও মতবিনিময়কালে ওসি কামাল হোসেন বলেন, আজকের স্কুলের শিক্ষার্থীরা আগামীতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে, তারাই দেশে একসময় নেতৃত্ব দিবে এবং চাকুরী, ব্যবসা-বানিজ্য থেকে শুরু করে সর্বস্তরে দেশ ও জাতির জন্য তারাই পরবর্তী প্রজন্ম। এসময় তিনি বিদ্যালয়টির ছাত্রীদের মাঝে সচেতনামূলক বিভিন্ন বিষয়ের অবতারণা করে বিশেষভাবে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের সর্বনাশা ক্ষতিকর দিকগুলো তুলে ধরে এগুলো প্রতিরোধে বর্তমান সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার কথা উল্লেখ করেন। এক্ষেত্রে তাকে সহযোগিতার জন্য সবাইকে আহবান করে এমন কোনো ঘটনা ঘটলে তাকে সরাসরি অথবা ফোনে বিষয়টি অবহিত করণের অনুরোধ করেন। তিনি আরও বলেন, দেশে এখন লেখাপড়ার দিক থেকে ছেলেদের চাইতে মেয়েরা অনেকটা এগিয়ে, মেয়েরা এখন লেখাপড়া করে সকল সেক্টরে বড়-বড় পদ সহ বিভিন্ন পদে কর্ম করে পুরুষের সমান তালে সংসারও চালাচ্ছেন, ছেলে-মেয়ে মানুষ করতে অগ্রণী ভূমিকা রাখছেন। দেশ, জাতি, সমাজ, পরিবার ও সুনাগরিক ব্যক্তি গঠনে নারীদের ভূমিকা অপরিসীম।

সেক্ষেত্রে একজন সচেতন নারী-ই পারে অগ্রণী ভূমিকা পালন করতে। এক্ষেত্রে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং অন্তরায় বলে তিনি অভিমত ব্যক্ত করলে সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ তার সাথে একমত পোষণ করে সেটা প্রতিরোধে সচেতন হবার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা প্রকাশ করেন। একজন পুলিশ কর্মকর্তা কর্তৃক সচেতনামূলক পজিটিভ এমন আলোচনা ও মতবিনিময় সভাকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক- শিক্ষার্থী, স্কুল ম্যানেজিং কর্তৃপক্ষ, গণমাধ্যম কর্মী সহ সুশীল সমাজ।