
বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর ও সেমাই উৎপাদনের অভিযোগে ‘ডলার চানাচুর এন্ড সেমাই কারখানা’কে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে মোবাইল কোর্টটি পরিচালিত হয়।
অভিযানকালে কারখানাটিতে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। ময়লা ও অপরিচ্ছন্ন মেঝেতে পা দিয়ে ময়দার ডো তৈরি এবং উৎপাদিত চানাচুরে মসলা মাখানোর অভিযোগ পাওয়া যায়। একই স্থানে খাদ্যপণ্য সংরক্ষণ করতেও দেখা যায়।
এ ছাড়া দীর্ঘদিন ব্যবহৃত পোড়া তেলে চানাচুর ভাজার পাশাপাশি অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহারের বিষয়টিও অভিযানে ধরা পড়ে। কারখানাটির সামগ্রিক পরিবেশকে অত্যন্ত অস্বাস্থ্যকর বলে উল্লেখ করা হয়। কর্মীদের ক্ষেত্রেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়ম ও অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি দল।
পরে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে খাদ্য উৎপাদনে প্রচলিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।