
শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বৈরী আবহাওয়াও ঠেকাতে পারেনি। বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে নেতা-কর্মী-সমর্থকেরা তা’ সমাপ্ত করলো। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকাল থেকেই জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী- সমর্থকেরা খন্ড-খন্ড মিছিল সহকারে মাদারীপুর শহরের মুক্তমঞ্চে সমবেত হতে থাকেন। সকাল থেকেই বৃষ্টির বাগড়ায় মিছিল-মিটিংয়ের কিছুটা বিঘ্ন হলেও বৃষ্টি উপেক্ষা করেই নেতা-কর্মী ও সমর্থকেরা ছিলো প্রতিষ্ঠাবার্ষিকীটি পালনে অত্যন্ত উজ্জীবিত। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালকিনি-মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন (এমপি)। জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিএনপি’র অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। তাদের মধ্যে জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদর ও সেক্রেটারী এ্যাডঃ মাসুদ পারভেজ, কৃষকদলের আহবায়ক অহিদুজ্জামান খান, যুবদলের আহবায়ক ফারুক বেপারী ও সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু সহ জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি মর্তুজ আলম ঢালী, যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান ও সদস্য সচিব কামরুল হাসান,পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান কিচলু খান, মনিরুল আহসান পিন্টু, রফিক মাদবর সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় মাদারীপুর সদর আসন-২ এর সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ব্যক্তিগত সফরে ইউরোপে থাকায় তিনি টেলিফোনে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বলে জেলা বিএনপি বিষয়টি নিশ্চিত করেছ। অনুষ্ঠানে সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী-সমর্থকেরা বৃষ্টি উপেক্ষা করে মিছিল সহকারে মুক্তমঞ্চের দিকে আসতে থাকেন। এসময় তারা “কে বলেছে জিয়া নাই, জিয়া সারা বাংলায়- কে বলেছে খালেদা জিয়া নাই-খালদা জিয়া আছে সারা বাংলায়, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে-ঘরে” তারেক রহমান এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে” এমন স্লোগান সহ বিভিন্ন স্লোগানে মাদারীপুরের প্রধান- প্রধান সড়ক মুখরিত করে তোলেন। প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি’র সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও কালকিনি-মাদারীপুর-৩ এর এমপি আনিসুর রহমান খোকন তালুকদার নেতা-কর্মী-সমর্থকদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃষ্টি উপেক্ষা করে দলে-দলে ছুটে আসা ও বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আগামীতে দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপি’র নেতৃত্বের প্রতি ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য একতাবদ্ধ থাকার আহবান জানান। অনুষ্ঠান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।