
আলোকিত নিউজ ডেস্কঃ
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে এই চরম দুর্যোগের মুহূর্তে নেপালের সরকার ও সে দেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এই শোক ও সহযোগিতার বার্তা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে ঘটে যাওয়া মর্মান্তিক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে ব্যথিত ও সহানুভূতিশীল। বাংলাদেশ সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখছে।
তিনি আরও জানান, নিখোঁজ হওয়া শত শত মানুষের মধ্যে অনেকেরই প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে, যাদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।
বার্তায় জোর দিয়ে বলা হয়, এই কঠিন সময়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও সাধারণ জনগণ নেপালের বন্ধুপ্রতিম মানুষের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য ও নিখোঁজদের দ্রুত উদ্ধারের আশা প্রকাশ করেন। একই সাথে তিনি স্পষ্ট করেন যে, নেপালের দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।