
বদলগাছী,নওগাঁ,প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় মোঃ মাহবুব আলম পাখি সরদার নামের এক ব্যক্তি লক্ষ্য করে পেট্রোল নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্ত আসাদুল জামান টুটুল আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পূর্ব শত্রুতা জেরে আসাদুল জামান টুটুল মোঃ মাহবুব আলম পাখি সরদারকে লক্ষ্য করে পেট্রোল নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে পাখি সরদার মারাত্মকভাবে দগ্ধ হলে তাৎক্ষণিকভাবে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে আসাদুল জামান টুটুল হাতেনাতে আটক করেন। পরে সংবাদ দেওয়া হলে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের জিম্মায় থাকা অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে এখনো পর্যন্ত বদলগাছী থানায় মামলা হয়নি।