
চরফ্যাশন প্রতিনিধিঃ
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার কার্যালয়ে সিসি ক্যামেরার কঠোর নজরদারির মধ্য দিয়ে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।
সমিতির মোট ৫৯ জন ভোটারের মধ্যে ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে তিনটি পদের বিপরীতে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সভাপতি পদে ডাক্তার মো. ফরিদ উদ্দিন ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার মো. মিজানুর রহমান পেয়েছেন ২৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম হাওলাদার এবং তাঁর প্রতিদ্বন্দ্বী ডাক্তার মো. হাচনাইন উভয়েই সমান ২০টি করে ভোট পান। পরবর্তীতে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে ডাক্তার মো. হাচনাইন মো. সাইফুল ইসলাম হাওলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে মেনে নেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. জুবায়ের খান ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল্লাহ আল সাবিত পেয়েছেন ১৮ ভোট।
নির্বাচন পরিচালনা পর্ষদে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. নুরে আলম মাওলানা। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ডাক্তার মো. মনির ফরাজী ও মাওলানা আবু সুফিয়ান দায়িত্ব পালন করেন।
নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চরমানিকা ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি ও চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার এবং দক্ষিণ আইচা থানা যুবদলের সভাপতি মো. ইকবাল হাওলাদার।
অন্যদিকে, প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মো. আবুল কালাম ফরাজী, ডাক্তার আব্দুল বারেক দেওয়ান ও ডাক্তার মো. ইব্রাহিম। পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. হারুন অর রশিদ।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির সকল ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দক্ষিণ আইচা বাজারের ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং সমিতির সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা