
আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার ভোরে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বাহিনীটি। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো শেখ ইসা বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে সুনির্দিষ্ট অভিযান চালিয়েছে। মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে।
একই সঙ্গে সতর্ক করে দিয়ে আইআরজিসি বলেছে, ইরানের আকাশসীমা লঙ্ঘন কিংবা দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহার করার ঘটনা বিনা জবাবে পার পাবে না। এসব কর্মকাণ্ডের পরিণতির জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।
এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনার পর ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। আইআরজিসি ড্রোনের ঝাঁক নিয়ে হামলা চালানোর পর এ দাবি করা হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য হুমকির বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় সতর্কতা জারি করে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে যাওয়ার এবং সরকারি নির্দেশনা ও সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।
তবে শেখ ইসা বিমান ঘাঁটিতে হামলার দাবি কিংবা এর ফলে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র ও বাহরাইন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।