
শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর জাঁকজমকপূর্ণ ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা ষ্টেডিয়ামে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বেলুন ও পায়রা উড়িয়ে দেশব্যাপি নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের এই অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন। একই সাথে দেশের অন্যান্য জেলার মতো মাদারীপুর জেলা প্রশাসনও ভার্চ্যুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য সচিব জাহান্দার আলী মিয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার, পুলিশ সুপার মো. ফজলে এলাহী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীবৃন্দ।
কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়াল্যি শিক্ষার্থী, তরুণ ক্রীড়াবিদ ও দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মাদারীপুরের উপস্থিত শিক্ষার্থী ও উদীয়মান ক্রীড়াবিদেরা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। মাদারীপুরের স্থানীয় এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর গৃহীত এমন সময়পযোগী উদ্যোগের আন্তরিকতার কথা উল্লেখ করে এসময় বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। অনুষ্ঠান আয়োজনের জন্য এসময় তিনি মাদারীপুর জেলা প্রশাসন ও উপস্থিত সুধীবৃন্দের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।