
নিজস্ব প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তা দীর্ঘমেয়াদি কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে তিনি মনে করেন।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক হোসেন বলেন, গত কয়েকদিন ধরে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি বিভিন্ন ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা লক্ষ্য করেছে। তার ভাষ্য, এর পেছনে সুপরিকল্পিত কোনো চক্রান্ত থাকতে পারে।
তিনি দাবি করেন, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট এবং বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারকারীরা সেই অর্থ পুনরায় দেশে বিনিয়োগ করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করতে পারে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না। তার বক্তব্য অনুযায়ী, যদি এমন কোনো চেষ্টা হয়, তবে গণহত্যার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে তাদের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটবে।
তিনি বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের অবদান জাতি ভুলে যায়নি। দেশে সংঘটিত গণহত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে তাদের অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।