
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ৯টায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি বাইপাস মোড় এলাকায় সংগঠনের কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালি শেষে বাইপাস মোড়স্থ ‘চায়ের আড্ডা’ নামের একটি চাইনিজ রেস্টুরেন্ট চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনকালীন প্রধান নির্বাচন কমিশনার ও রাজাপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামসুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মঈনুল হক লিপু এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম খোকন।
এছাড়াও উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দুলাল গাজীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান এবং সাবেক সদস্য সচিব মো. সাইদুর রহমান মৃধা, প্রমুখ।
বক্তারা বলেন, মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম উল্লেখ করে তারা আরও বলেন, শ্রমিকদের মর্যাদা রক্ষা ও জীবনমান উন্নয়নে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শেষে সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।