
বিশেষ প্রতিনিধিঃ
স্বৈরাচারী আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “যারা মানুষ খুন করেছে, গণহত্যা করেছে, জুলুম নির্যাতন করেছে, তারপরও ক্ষমা চায়নি, অনুশোচনা করেনি সে দলকে (আওয়ামী লীগ) এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না।”
শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসার এক মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ গুম, খুন করে এদেশ থেকে পালিয়েছে, শাপলা চত্বরে আলেম হত্যা করেছে, মসজিদ রক্তাক্ত করেছে, তারা এদেশে আর রাজনীতি করতে পারবে না। আমাদের মধ্যে দ্বিমত, দ্বিধাবিভক্তি থাকতে পারে, কিন্তু এ ব্যাপারে আমরা একমত, এদেশে ফ্যাসিবাদী শক্তিকে ফিরতে দেয়া হবেনা।”
এ সময় সাম্প্রতিক শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “একটি শক্তি আন্দোলনের নামে ফ্যাসিবাদের পথ সুগম করতে চায়। তারা ইসলামের কথা বলে রাজনীতি করে, কিন্তু শরিয়াহ আইন চায়না। তাদের মধ্যে ইসলামের কিছু নেই, শরিয়াভিত্তিক মুল্যবোধ নেই।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে, আওয়ামীলীগ ইসলামি মূল্যবোধের যে সকল অংশ বাদ দিয়েছিলো তা সংবিধানে সহযোজন করবে। এমনকি মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহও পুনরায় স্থাপন করবে।”