
শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত কয়েক শতাব্দীর ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ‘’শকুনি লেক’’-এর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও চারপাশের পরিবেশ রক্ষায় এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা অক্টোবর) সন্ধ্যা ৭টায় শহরের সরকারী সমন্বিত ১০ তলা ভবনের এম,এম হাফিজ মেমোরিয়াল লাইব্রেরিতে সর্বস্তরের সামাজিক সংগঠন, সচেতন নাগরিক ও সুশীল সমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত বক্তারা শকুনি লেকের মধ্যে অপচনশীল প্লাষ্টিক দ্রব্য সহ ময়লা-আবর্জনা ফেলায় এর পানি নষ্ট হওয়ার উপক্রমের প্রেক্ষিতে বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর সৌন্দর্য বজায় রাখা ও পরিবেশ সংরক্ষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও সিদ্ধান্ত তুলে ধরেন। এছাড়াও লেকটির চারপাশের ফুটপাত দখল ও পথচারী চলাচলে বিঘ্ন ঘটায় এবং ভ্রমণপিপাসু ও পর্যটকদের অবাধ যাতায়াত নিশ্চিতে হকার ও বাজারমুক্ত লেক পাড় বজায় রাখা, লেকের পানি দূষিত হবার হাত থেকে রক্ষা করা, স্বাভাবিক পরিবেশ ও নান্দনিক রূপ ফিরিয়ে আনতে পাড় ঘেষে গড়ে ওঠা সকল অস্থায়ী বাজার ও হকার দ্রুত উচ্ছেদ অথবা নির্ধারিত স্থানে পুনর্বাসনের দাবি জানানো হয়। পাশাপাশি পানির পরিচ্ছন্নতা ও স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে মাদারীপুর জেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, শকুনি লেক মাদারীপুরবাসীর আবেগ ও মূল সৌন্দর্যের প্রতীক এবং এখানে ভ্রমণপিপাসু সহ প্রতিদিন স্থানীয় ও দূরদূরান্তের হাজারো পর্যটকের সমাগম ঘটে। এছাড়াও, লেকের চারপাশের দৃষ্টিনন্দন ফুটপাথ দিয়ে সকাল-বিকাল- সান্ধ্যকালীন সময়ে স্বাস্থ্য পরিচর্যায় সকল বয়সের শতশত নাগরিকেরা শারীরিক ব্যায়ামের জন্য এখানে ছুটে আসেন। একে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব রাখা খুবই জরুরী বিষয় উল্লেখ করে তারা আরও বলেন, এটিকে নিরাপদ রাখা প্রশাসনের শুধু একার দায়িত্ব নয়, বরং এটি প্রতিটি নাগরিকের কর্তব্য।মতবিনিময় সভা থেকে লেকের অস্তিত্ব,পরিবেশ রক্ষা, ফুটপাত দখলমুক্ত করা, হাটাচলার নির্বিঘ্ন পরিবেশ তৈরী করার লক্ষ্যে দল-মত নির্বিশেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল সামাজিক সংগঠন, সুশীল সমাজ ও শহরের সকল বাসিন্দাকে এগিয়ে আসার জন্য জোর আহ্বান জানানো হয়।