
শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর সদর মডেল থানার পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনা (৩৬)-কে ঢাকার কেরানীগঞ্জ থেকে পূণরায় গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শনিবার (১১ ই জুলাই) বিকেলে মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (ক্রাইম এন্ড অবস্) ফারিহা রফিক ভাবনা এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন। তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং মাদারীপুর র্যাব-৮-এর সহযোগিতায় পরিচালিত একটি যৌথ অভিযানে ঢাকার কেরানীগঞ্জের জিয়ানগর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে পরে মাদারীপুরে নিয়ে আসা হয়।

সংবাদ ব্রিফিংয়ে জানা যায়,মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, অতিরক্ত দায়িত্ব-ক্রাইম এন্ড অবস্) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এর আগে গত ৯ জুলাই অনৈতিক কার্যকলাপের অভিযোগে হাসিনাসহ তিনজনকে আটক করা হয়। উল্লেখ্য যে,নতুন ভবন নির্মাণের লক্ষ্যে মাদারীপুর সদর মডেল থানার মূল ভবন ভেঙ্গে ফেলায় বর্তমানে ব্যবহৃত অস্থায়ী থানা ভবনের জুনিয়র সেরেস্তায় নারী পুলিশ সদস্যের পাহারায় তাকে রাখা হয়েছিল। তবে ১০ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বারান্দার তিনটি এসএস পাইপ ভেঙ্গে কৌশলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ২২৪ ও ৪২৭ ধারায় সদর মডেল থানায় একটি নতুন মামলা দায়ের এবং গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে নিয়মিত মামলায় মাদারীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply