
মুহাম্মদ সানাউল্লাহ সাকিব,সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে যথাযোগ্য মর্যাদা, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিংগাইর জোনাল অফিসের ডিজিএম, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে কুচকাওয়াজে অংশগ্রহণ করে।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুনাহার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন খান এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।