
মাদারীপুরের রাজৈরে রাজনৈতিক ষড়যন্ত ও অপপ্রচারের শিকার হয়ে উপজেলা আওয়ামীলীগের কমিটিতে নাম ডিলেট করে বসিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক স্থানীয় বিএনপি নেতা। বুধবার ( ২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কবিরাজ বাজারে উক্ত ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান লাল্টু সরদার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে তিনি উক্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের আউটসোর্সিং-এ কর্মরত মেহেদী হাসান লাল্টু সরদার। এছাড়াও তিনি একজন স্থানীয় ব্যবসায়ী। তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি তিনি একটি কৃষি সারের ডিলারশিপ পাওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন জমা দিয়েছেন। উক্ত ডিলারশিপ প্রাপ্তিতে বাধা সৃষ্টি করতে এবং তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চক্রান্ত চালিয়ে আসছে। তিনি দাবি করেন, পূর্ব শত্রুতার জেরে তার চাচাতো ভাই সাইফুল সরদার (৪৫) তাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এসব চক্রান্তে লিপ্ত হয়েছেন এবং সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে কবিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের মূল তালিকা জাল বা নকলের মাধ্যমে নাম ডিলেট করে তার নাম বসিয়ে দিয়ে তার কপি কর্তৃপক্ষকে প্রদান সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন- যা’তে ডিলারশিপ তার নামে মঞ্জুর না হয়। এসময় তিনি আওয়ামীলীগের উল্লেখিত অনুমোদিত কমিটির তালিকা গণমাধ্যমকর্মী সহ উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, কর্মী-সমর্থকদের প্রদর্শন ও সরবরাহ করলে দেখা যায় সেই নকল তালিকার ২২ নম্বর ক্রমিকে আওয়ামীলীগের ঐ কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসিরউদ্দিন, কিন্তু সেখানে ডিলেট করে লাল্টু সরদারের নাম বসিয়ে দিয়ে হীণ উদ্দেশ্যে, চক্রান্ত ও ষড়যন্ত্র করে অন্যায়ভাবে সেখানে তার নাম যুক্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান, তিনি অতীত বা বর্তমানে কখনোই আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসংগঠনের সাথে যুক্ত ছিলেন না এবং এখনো নেই। তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা এবং সারের ডিলারশিপ পেতে বাধা সৃষ্টি করাই এই জালিয়াতির মূল উদ্দেশ্য। উক্ত চক্রান্ত ও জালিয়াতির বিষয়ে তিনি ইতোমধ্যে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তিনি প্রকৃত সত্য উন্মোচন, ষড়যন্ত্রমূলক জালিয়াতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে সুবিচার ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংশ্লিষ্ট আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার দাবি জানান।