
স্টাফ রিপোর্টারঃ
পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে অসামান্য সাফল্য অর্জন করেছে মাগুরা জেলা পুলিশ। দেশজুড়ে পরিচালিত এই বিশেষ অভিযানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশকে সম্মানজনক পদকে ভূষিত করা হয়েছে।
রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত পুলিশ সপ্তাহের বর্ণাঢ্য অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন ইউনিট ও জেলার কার্যক্রম মূল্যায়ন করা হয়। এই মূল্যায়নে ‘গ’ ক্যাটাগরিতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে মাগুরা জেলা পুলিশ সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির-এর হাত থেকে এই সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনারগণ, বিভিন্ন ইউনিটের প্রধান এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা পুলিশের এই অর্জনকে তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং কার্যকর আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মাগুরা জেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানগুলো অপরাধ দমনে ব্যাপক ভূমিকা রেখেছে।
পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন: “এই অর্জন মাগুরা জেলা পুলিশের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফসল। জননিরাপত্তা নিশ্চিতকরণে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এই স্বীকৃতি আমাদের ভবিষ্যতে আরও জনমুখী ও কার্যকর পুলিশি সেবা প্রদানে দারুণভাবে অনুপ্রাণিত করবে।”
মাগুরা জেলা পুলিশ ভবিষ্যতে অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র নির্মূলে তাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।