
হাতিবান্ধা প্রতিনিধিঃ
আসন্ন ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হাতীবান্ধা আদর্শ থানা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম লিজু। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত সফলতা কামনা করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আমির মো. রফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, অধ্যবসায় এবং সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি আদর্শ চরিত্র গঠনের মাধ্যমেই একজন শিক্ষার্থী প্রকৃত সফলতা অর্জন করতে পারে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার বাইতুল মাল সম্পাদক মো. নজরুল ইসলাম। তিনি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাতীবান্ধা আদর্শ থানা শাখার সভাপতি মো. হামিদুর রহমান জিয়ন। বক্তব্যে তিনি পরীক্ষার্থীদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান এবং তাদের সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিকভাবে উজ্জীবিত করবে এবং আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
Leave a Reply