
স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জের বহুল আলোচিত ১০ মামলার পলাতক আসামী ও জেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মো. ইকবাল বাহারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃত শরিফুল ইসলাম জিন্নাহ (৭৬) বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত বিস্ফোরক দ্রব্য ব্যবহার ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একাধিক মামলার আসামী তিনি। শিবগঞ্জ থানার একটি মামলায় (মামলা নং-১৫, তারিখ: ৭ অক্টোবর ২০২৪) তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ ধারায় অভিযোগ রয়েছে।
এছাড়াও তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।