
লক্ষীছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা যাওয়ার পথে এক ভাড়াচালিত মোটরসাইকেল চালক অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে নিখোঁজ থাকার পর রাতে তার মোবাইল ফোন থেকে কল করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
নিখোঁজ যুবকের নাম মো. আজম (২৩)। তিনি ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের দাঁতমারা এলাকার একতাপুর গ্রামের বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে দাঁতমারা বাজার থেকে এক পাহাড়ি যাত্রীকে নিয়ে ভাড়ায় লক্ষীছড়ির উদ্দেশ্যে রওনা দেন আজম। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপুর ১২টার দিকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
সন্ধ্যা পর্যন্ত সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ভুজপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরিবারের দাবি, রাত সাড়ে ১০টার দিকে আজমের মোবাইল নম্বর থেকেই একটি কল আসে। ফোন রিসিভ করলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিজেকে পাহাড়ি সশস্ত্র সংগঠনের সদস্য পরিচয় দিয়ে জানান, খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকা থেকে আজমকে আটক করা হয়েছে। তার মুক্তির জন্য ২০ লাখ টাকা দাবি করে কলটি কেটে দেওয়া হয়।
পরে রাত ১১টার দিকে একই নম্বর থেকে আবার কল করে মুক্তিপণের দাবি পুনর্ব্যক্ত করা হয়। পরিবারের পক্ষ থেকে আজমের অবস্থান জানতে চাইলে কলদাতা জানান, তাকে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার একটি অজ্ঞাত স্থানে রাখা হয়েছে।
ঘটনার পর পরিবার সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। নিখোঁজ আজমকে দ্রুত উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার স্বজনরা।