
ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরের রাজৈর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৪ বোতল কোডেনযুক্ত কফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। এ সময় তার সহযোগী অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়। মাদারীপুর র্যাব-৮ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন (এসপি) স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিং জানানো হয়, বুধবার (৪ মার্চ) ভোরে র্যাব-৮ এর একটি নিয়মিত টহল দল রাজৈর উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছিল। সকাল সাড়ে ৬টার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, রাজেৈর উপজেলার খালিয়া ইউনিয়নের খালিয়া উত্তরপাড়া এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি আভিযানিক টিম সকাল ৭টার দিকে খালিয়া উত্তরপাড়া জামে মসজিদের পাশের পাকা সড়কে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে আবুল হাসান গাজী নামে একজনকে আটক করতে সক্ষম হয় আভিযানিক টিম । এসময় তারা জানতে পারেন যে, গ্রেফতারকৃতের সহযোগীর নাম মো. চুন্নু শেখ (৫২),তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর এলাকায়। গ্রেফতারকৃত ব্যক্তির হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৮৭ বোতল ‘ফেয়ারডিল’ এবং ১৭ বোতল অন্য একটি ব্র্যান্ডের কোডেন ফসফেটযুক্ত কফ সিরাপ জব্দ করা হয়। এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা। এ ছাড়া তাঁর কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, একটি নকিয়া বাটন মোবাইল ফোন এবং একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি র্যাব-৮ কে জানায়, সে দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীর সঙ্গে এসব মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রি করে আসছিলো। আটককৃতকে রাজৈর থানায় হস্তান্তর করা হলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য রাজৈর থানা পুলিশ তাকে মাদারীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
নতুন ধরণের কোডেন সিরাপ জাতীয় মাদকের ব্যাপারে র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, যে কোনো ধরণের মাদক ও মাদক কারবারীদের বিরুদ্ধে র্যাবের জোরালো অভিযান অব্যাহত থাকবে।