
আলোকিত নিউজ ডেস্কঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, জুলাই আন্দোলনে অনেকেই চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পঙ্গু হয়েছেন। চীন রোবোটিক হাত-পা দিয়েছে, যা আহতদের জীবনে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। এক কথায় চীন শুধু উন্নয়ন সহযোগী নয়, দুর্যোগের মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়ানো এক দীর্ঘস্থায়ী বিশ্বস্ত বন্ধু।
শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত ‘নি হাও! চীন-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন।
নূরজাহান বেগম বলেন, চীনের সহায়তায় রংপুর অঞ্চলে এক হাজার শয্যাবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে থাকবে আধুনিক যন্ত্রপাতি, প্রশিক্ষিত ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানদের সমন্বিত সেবা।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। চীনা মেডিকেল ইকুইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে এসে বিনিয়োগ করলে দুদেশেরই লাভ হবে।