
নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোনা জেলার রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই। শনিবার দুপুর ৩.৩০ মিনিটে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং রাজনৈতিক সহযোদ্ধাকে শোকাহত রেখে গেছেন।
রাজনৈতিক জীবনে ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ দীর্ঘদিন জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং পরে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে তিনি বিভিন্ন সময় সাংগঠনিক দায়িত্ব পালন করেন। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, বিগত সরকারের সময় তিনি একাধিকবার হামলা ও মামলার মুখোমুখি হন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে যান।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। সহকর্মী ও ঘনিষ্ঠজনদের মতে, ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক। সাংগঠনিক দক্ষতা, সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক এবং দীর্ঘ রাজনৈতিক পথচলার জন্য তিনি নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবেন।
Leave a Reply