
নান্দাইল প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধুপুর থেকে দেওয়ানগঞ্জ মহাসড়কের দীর্ঘদিনের বেহাল দশা ও জনদুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশে সড়কটির হাটশিরা বাজার সংলগ্ন লক্ষ্মীপুর জামে মসজিদের পাশের ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট ও সংস্কার কাজ শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই স্থানে দীর্ঘদিন ধরে বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি জমে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন।
পরে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করার নির্দেশ দেন। তাঁর নির্দেশনার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার কাজ শুরু করেন।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এক বিবৃতিতে বলেন, “মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের বেহাল অবস্থা আমার নজরে আসার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। সাময়িক এই জনদুর্ভোগের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, কয়েক বছর আগেই এ সড়কের কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। এরপরও কেন কাজ বন্ধ ছিল, তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি নিজেই পুরো কাজের অগ্রগতি তদারকি করছেন।
এদিকে, দীর্ঘদিনের দুর্ভোগের পর সড়ক সংস্কার কাজ শুরু হওয়ায় নান্দাইল ও দেওয়ানগঞ্জ এলাকার সাধারণ মানুষ ও যানবাহন চালকদের মাঝে স্বস্তি ফিরেছে। দ্রুত জনদুর্ভোগ নিরসনে প্রতিমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply