
রাজশাহী ব্যুরো:
মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সচেতন করতে বগুড়ায় ব্যাপক কর্মসূচি পালন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (০৭ মে) জেলার সদর থানাধীন বনানী এলাকায় অবস্থিত পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।
ডিএনসি বগুড়ার উপপরিচালক মোঃ জিললুর রহমানের দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সামনে মাদকের ক্ষতিকর প্রভাব, সামাজিক অবক্ষয় এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর এর মারাত্মক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একটি ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলে। কিশোর ও তরুণরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে উল্লেখ করে তারা বলেন, সচেতনতা এবং নৈতিক শিক্ষাই পারে মাদক থেকে দূরে রাখতে নতুন প্রজন্মকে।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তারা আরও বলেন, “তোমরাই আগামীর নেতৃত্ব। তোমাদের সুস্থ, মেধাবী ও দায়িত্বশীল হিসেবে গড়ে ওঠাই দেশের অগ্রগতির মূল শক্তি। মাদক থেকে নিজেকে দূরে রাখা শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, এটি সামাজিক দায়বদ্ধতাও।”
বক্তব্যে আরও গুরুত্বারোপ করা হয় মাদকের প্রলোভন থেকে দূরে থাকতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।