
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংক ভবেরচর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘রেমিট্যান্স উৎসব’। বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে গ্রাহকদের উৎসাহিত করতে আয়োজিত এই উৎসবে বিজয়ী গ্রাহকদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় ভবেরচর শাখায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ভিত্তিতে ভাগ্যবান বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখার ব্যবস্থাপক ইসরাক আহমেদ কাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকার মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ এবং বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আশফাকুর রহমান। তাঁদের বক্তব্যে উভয়েই দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। গোলাম মোঃ আরিফ বলেন, ‘‘বৈধ পথে রেমিট্যান্স পাঠানো কেবল দেশপ্রেমের পরিচয় নয়, বরং এটি জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম হাতিয়ার।’’ আশফাকুর রহমান প্রবাসীদের হুন্ডির মতো অবৈধ পথ পরিহার করে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর আহ্বান জানান। রেমিট্যান্স কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী গ্রাহক মিতু আক্তার এবং মালয়েশিয়া প্রবাসী তাঁর স্বামী ইকবাল হোসেন প্রধানকে বিশেষ ভাবে সম্মানিত করা হয়। মিতু আক্তার ব্যাংকের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এমন আয়োজনের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আলোচনার শেষে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা এ সময় প্রবাসীদের নিরলস পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে তাঁদের আরো উৎসাহিত করেন।