
আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর আবু সাঈদ (৪০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ময়েনপুর ইউনিয়নের নাগেরহাট-কদমতলা সড়কের কসবা কৃষ্ণনগরগামী কাঁচা রাস্তা সংলগ্ন একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবু সাঈদ উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচা বালুয়া বালাবাড়ি গ্রামের মোঃ আজগর আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং নিজ বাড়িতে গবাদি পশু পালন করতেন।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার বাড়ির কাজ শেষে পার্শ্ববর্তী শাল্টির বাজারে যান আবু সাঈদ। রাত আনুমানিক ৮টার দিকে বাজারে চাচা বিপুল মিয়ার সাথে শেষ কথা হয় তার। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ময়েনপুর ইউনিয়নের আকমল হোসেনের আম বাগানে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত চিহ্ন রয়েছে। আইনি কার্যক্রম শেষে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।