
খাগড়াছড়ি লক্ষীছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির লক্ষীছারীর তে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে প্রখ্যাত আধ্যাত্মিক সাধক শাহ সুফী সুন্দর আউলিয়ার পবিত্র ওরশ। দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৬ হাজার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।
ওরশ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির পাশাপাশি অনুষ্ঠিত হয় আউলিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং গুণগান পরিবেশন। অনুষ্ঠানে অংশ নেন ৫ জন শিল্পী, যারা তাদের কণ্ঠে আউলিয়ার গুণকীর্তন পরিবেশন করে উপস্থিত ভক্তদের আবেগাপ্লুত করে তোলেন।
জানা যায়, শাহ সুফী সুন্দর আউলিয়ার কোনো মাজার নেই। তিনি জীবদ্দশায় একটি গুহার মধ্যে ধ্যান-সাধনা করতেন, যা বর্তমানে ভক্তদের জন্য বিশেষ আকর্ষণের স্থান হিসেবে পরিচিত।
অনুষ্ঠানস্থলে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি টিম দায়িত্ব পালন করে। এছাড়াও ওরশকে ঘিরে বসে বিভিন্ন দোকানপাট, যা আগত দর্শনার্থীদের জন্য বাড়তি প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
শেষে তবারক বিতরণ ও আউলিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ওরশের সমাপ্তি ঘোষণা করা হয়।