
কালীগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত সন্ত্রাসী ইয়ার আলীকে অস্ত্র, গোলাবারুদ, ওয়াকিটকি ও মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ সার্কেল অফিসারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর অন্যতম নেতা ইয়ার আলী (৩৫), পিতা জব্বার আলী তালুকদার, গ্রাম শংকরপুরকে কৃষ্ণনগর ইউনিয়নের আলমগীরের বাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, দুটি ওয়াকিটকি সেট এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, ইয়ার আলী দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল এবং তার বিরুদ্ধে একাধিক ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। বিশেষ করে বিগত ৫ আগস্টের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছিল।অভিযানে তার সহযোগী বাহার আলীকেও গ্রেফতারের চেষ্টা চালানো হয়, তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গ্রেফতারের পর জব্দ তালিকা প্রস্তুতের কাজ চলমান রয়েছে এবং আসামিকে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং সন্ত্রাস ও ডাকাতি দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় বাসিন্দারা জানান, ইয়ার আলী দীর্ঘদিন ধরে এলাকায় এক আতঙ্কের নাম ছিল। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র বিভিন্ন সময় বাড়িঘরে হামলা, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শন করত। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাড়ির ওপর হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছিল। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে বলে তারা জানান।সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সফল অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে এবং অপরাধ দমনে ইতিবাচক প্রভাব।