
বিশেষ প্রতিবেদকঃ
ঈদুল ফিতরের সাত দিনের ছুটি শেষে আবারও স্বাভাবিক কর্মতৎপরতায় ফিরছে দেশ। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে একযোগে খুলেছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত সব অফিস; শুরু হয়েছে ব্যাংক-বিমা ও পুঁজিবাজারের কার্যক্রমও। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস-আদালতের নিয়মিত কার্যক্রম।
এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস ছিল গত ১৬ মার্চ ছিল। এরপর ১৭ মার্চ থেকে শুরু হয় টানা সাত দিনের ছুটি, যা শেষ হয়েছে সোমবার (২৩ মার্চ)।
ছুটি শেষে আজ থেকে সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাভাবিক অফিস সময়সূচি কার্যকর হয়েছে। একই সঙ্গে ব্যাংক, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও রোজার আগের সময়সূচিতে ফিরেছে।
ব্যাংকগুলোতে গ্রাহক লেনদেন শুরু হচ্ছে সকাল ১০টায় এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে অভ্যন্তরীণ ও দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
অন্যদিকে পুঁজিবাজারে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, চলতি বছর ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়িয়ে সাত দিন করা হয়। শবে কদর (১৭ মার্চ) ও ঈদের ছুটির মাঝখানে ১৮ মার্চ একটি কর্মদিবস থাকলেও নির্বাহী আদেশে সেটিকেও ছুটি ঘোষণা করা হয়েছিল।
তবে ছুটি শেষে অফিস খোলার একদিন পরই আবারও বিরতির সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার—ফলে আবারও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন তারা।