
লালমনিরহাট প্রতিনিধিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, আসাদুল হাবিব দুলু বলেছেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করেছে। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত।
শনিবার ১৪ মার্চ সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের খেদাবাগ একরামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ নানা নির্যাতন ও প্রতিকূলতার মধ্য দিয়ে সংগ্রাম করে এসেছে। রাজনৈতিক কারণে অনেক সময় মানুষ নিজ বাড়িতেও নিশ্চিন্তে থাকতে পারেনি। মামলা-হামলা ও বিভিন্ন ধরনের হয়রানির মধ্যেও জনগণ আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই অব্যাহত রেখেছে।
তিনি বলেন, মহান আল্লাহর রহমত ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সিদ্ধান্তে জনগণের সমর্থনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং পরে মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্ত্রী আরও বলেন, প্রায় ২০ কোটি মানুষের দেশে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া বড় বিষয় হলেও এর কৃতিত্ব মূলত জনগণের। তিনি বলেন, আমার নামের সঙ্গে এখন মন্ত্রী পদবি যুক্ত হলেও আমি মনে করি আমার এলাকার সব মানুষই সম্মানের দিক থেকে মন্ত্রী মর্যাদায় অধিষ্ঠিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন, জেলা বিএনপির সহ-সভাপতি ইয়াসিন আলী মোল্লা, বিএনপির সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।