
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় মাদকবিরোধী পৃথক দুই অভিযানে র্যাব-১২ বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে। অভিযানে ৬০ বোতল ফেয়ারডিল, ২ বোতল ইস্কাফ ও ২৯ কেজি গাঁজা জব্দ করা হয়।
র্যাব-১২ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে করে অবৈধ মাদক বহন করা হচ্ছে। এ তথ্যের পরিপ্রেক্ষিতে অধিনায়কের নির্দেশনায় এবং র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল ১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বগুড়া জেলার শেরপুর থানার ভবানীপুর ইউনিয়নের সনকা এলাকায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট সংলগ্ন জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে।
এ সময় মোঃ মামুনুর রশীদ (৪৫), সাং পশ্চিম রামনগর, কোতয়ালী থানা, দিনাজপুরকে আটক করা হয়। তার কাছ থেকে ৬০ বোতল ফেয়ারডিল ও ২ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়।
এরপর একই দিনে সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে আরেকটি অভিযানে কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। শেরপুর থানার শাহবন্দেগী ইউনিয়নের হামছাপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের স্বাক্ষর ফিলিং স্টেশনের সামনে পরিচালিত এ অভিযানে মোঃ সুমন মিয়া (২৮), সাং ভাটরা জংগলপুর, কুমিল্লা সদর এবং মোঃ সাইফুল ইসলাম (২৭), নীলফামারী জেলা—এই দুইজনকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি বাটন মোবাইল ফোন ও ২টি সিম কার্ড জব্দ করা হয়েছে।