
পাটগ্রাম প্রতিনিধিঃ
আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজুর উদ্যোগে জামায়াতে ইসলামী পাটগ্রাম শাখার আয়োজন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতন মিলনায়তনে ১৫০০ শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে ৩,০০০ টাকা করে নগদ অর্থ এবং ২,০০০ টাকার শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা আমীর হাফেজ সোয়াইব আহম্মেদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল মনোয়ার হোসেন লিটন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমীর মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাইতুল মাল সম্পাদক হাফেজ মাওলানা নাসির উদ্দিন বেলাল, পৌর জামায়াতের সেক্রেটারি মিরু হাসানসহ উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাবিবুর রহমান বলেন, “শিক্ষা উন্নয়ন সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান ভিত্তি। এলাকার অসহায় ও দরিদ্র শিক্ষার্থীরা যাতে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।”
সভাপতির বক্তব্যে হাফেজ সোয়াইব আহম্মেদ বলেন, “লালমনিরহাট–১ আসনকে একটি সুশৃঙ্খল, উন্নত ও ইনসাফভিত্তিক এলাকায় গড়ে তুলতে আমরা কাজ করছি। শিক্ষার উন্নয়ন আমাদের অগ্রাধিকার।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বিভিন্ন স্লোগানে মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।