
লালমনিরহাট প্রতিনিধিঃ
নাশকতা ও হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি, লালমনিরহাটের সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী (৫৬) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) লালমনিরহাটের একটি বিশেষ অভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৬) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সফুরা বেগম রুমী লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা (উকিলপাড়া) এলাকার বাসিন্দা। তিনি সাবেক সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) থেকে সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী মহিলালীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি এবং লালমনিরহাট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, নাশকতা, প্রতারণা ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ বিভিন্ন ধারায় অন্তত পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগর পুলিশের কোতয়ালী থানা, লালমনিরহাট সদর থানা এবং ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানায় দায়েরকৃত মামলাগুলো উল্লেখযোগ্য।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।