
পাটগ্রাম প্রতিনিধি:
পাটগ্রামে আদম ফাউন্ডেশনের উদ্যোগে এক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ সেবামূলক আয়োজনে প্রায় চার শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।
শিবিরের শুভ উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আতাউর রহমান, প্রভাষক, পাটগ্রাম আদর্শ কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদিকুজ্জামান জুয়েল, শিক্ষক, বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয়; গোলাম রহমান, সহকারী প্রধান শিক্ষক, বাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়; এবং মাওলানা আশরাফুল আলম, অধ্যক্ষ, বাউরা ইসলামী শিশু নিকেতন। এছাড়াও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চক্ষু শিবিরে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আহসানুজ্জামান, রংপুর কমিউনিটি চক্ষু হাসপাতাল। তিনি রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা দেন।
অনুষ্ঠান বাস্তবায়ন ও সার্বিক পরিচালনায় দায়িত্ব পালন করেন মোহতারুল ইসলাম মিথুন ও হামিদুল ইসলাম বাবুসহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
বক্তারা বলেন, আদম ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, সামাজিক ও অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ, শিক্ষা বৃত্তি, চিকিৎসা সেবা, রক্তদান কর্মসূচি এবং অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের মতো বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।