
রাজশাহী ব্যুরো:
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলার বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় পরিচালিত এক অভিযানে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার।
আটককৃতরা হলেন, জেলার সদর থানাধীন সবুজবাগ সেউজগাড়ী গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে অন্তর হোসেন (৩২), জেলার আদমদিঘী থানাধীন ছোট ঝিনুর গ্রামের সংগ্রামের ছেলে
কাওসার (১৯)।
অভিযানকালে বগুড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে অন্তর ও কাওসারকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
অভিযান বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার বলেন, “মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “বগুড়া জেলাকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান রয়েছে। মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও জানান, মাদকবিরোধী কার্যক্রম জোরদারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।