
সিংগাইর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকায় পূর্ব বিরোধের জেরে এক কৃষকের পেঁপে বাগানের বিভিন্ন গাছ কেটে ও চারা উপড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, সিংগাইর পৌর এলাকার কাংশা গ্রামের বাসিন্দা মো. সোলাইমান মুন্সি দীর্ঘদিন ধরে তার বাড়ির পাশের প্রায় ৭০ শতাংশ জমিতে পেঁপে ও বিভিন্ন সবজি চাষ করে আসছিলেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, একই এলাকার আলোক (৩৫), মালেক (৩২) ও ইব্রাহিম (৪৫)সহ অজ্ঞাত আরও কয়েকজনের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
অভিযোগে বলা হয়, গত ৪ মার্চ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে সোলাইমান মুন্সির জমিতে প্রবেশ করে সেখানে থাকা প্রায় ১২ লাখ টাকা মূল্যের পেঁপে গাছ তুলে নিয়ে যায়। একই সঙ্গে জমিতে থাকা প্রায় ২ হাজার টাকা মূল্যের পেঁয়াজের চারা উপড়ে ফেলা হয় এবং প্রায় ২০ শতাংশ জমিতে থাকা করলার গাছ গোড়া থেকে কেটে ফেলে রাখা হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া অভিযোগে আরও বলা হয়, পরদিন ৫ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে সোলাইমান মুন্সির ছেলে রাশেদুল হক রানা (২৩) ও তাদের শ্রমিক আমিনুর ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চাইলে অভিযুক্তরা রানাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তারা রানার ওপর হামলা চালিয়ে কিল-ঘুষি ও ইট-পাটকেল নিক্ষেপ করে আহত করার চেষ্টা করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে অভিযুক্তদের একজন হাতে থাকা কাঠের বাটাম দিয়ে রানাকে আঘাত করেন এবং অপর একজন ধারালো কাঁচি দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে সঙ্গে থাকা আমিনুর বাধা দিলে রানা প্রাণে রক্ষা পান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করলে অভিযুক্তরা সেখান থেকে সরে যায় বলে অভিযোগে বলা হয়।
এ ঘটনায় কৃষক সোলাইমান মুন্সি বাদী হয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত আলোক হোসেন জানান, পেঁপে বাগান কে বা কারা নষ্ট করেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগটি পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।