
রাজশাহী ব্যুরো:
বগুড়া সদরে মাদকবিরোধী বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (০৫ মার্চ ) দুপুরে বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার চক সূত্রাপুর চামড়া গুদাম এলাকা ও সেউজগাড়ী আমতলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানকালে গাঁজা সেবনের দায়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার রেলওয়ে কলোনির মৃত রুখিলালের ছেলে উত্তম বাঁশফোড় (৩০), চকসূত্রাপুর এলাকার মো. আমজাদ শেখের ছেলে মো. স্বপন শেখ (২৫) এবং গাবতলী উপজেলার দাড়াইল গ্রামের আনসার আলীর ছেলে মো. সবুজ (২৫)।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে মাদকদ্রব্য সেবনের অপরাধে প্রত্যেককে ৪ (চার) দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উদ্ধারকৃত গাঁজা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার বলেন, “মাদকের অপব্যবহার সমাজের জন্য মারাত্মক হুমকি। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে ডিএনসি বগুড়া জেলারউপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে ডিএনসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগ—এই দুইয়ের সমন্বয়েই মাদক নির্মূল সম্ভব।