
আলমডাঙ্গা প্রতিনিধি:
পবিত্র রমজান মাসেও জনস্বাস্থ্যের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরে। পচা ও বাসি দই-মিষ্টি সংরক্ষণ ও বিক্রির দায়ে কাছারি বাজারের ‘উত্তম মিষ্টান্ন ভান্ডার’-কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানার নেতৃত্বে প্রাথমিক অভিযান চালানো হয়। এ সময় দোকানের ফ্রিজ থেকে বিপুল পরিমাণ পচা ও বাসি দই-মিষ্টি উদ্ধার করা হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং দোকান মালিক উত্তম কুমার পালকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জানা গেছে, ‘উত্তম মিষ্টান্ন ভান্ডার’-এর বিরুদ্ধে এর আগেও একাধিকবার একই ধরনের অভিযোগ ওঠে। প্রশাসন কয়েক দফা জরিমানা ও সাময়িকভাবে দোকান বন্ধের ব্যবস্থা নিলেও স্থায়ীভাবে পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে স্থানীয়দের দাবি।
অভিযানকালে ইউএনও পান্না আক্তার বলেন, রমজানের মতো সংযম ও আত্মশুদ্ধির মাসে মানুষের স্বাস্থ্য ও ধর্মীয় অনুভূতির সঙ্গে প্রতারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের মতে, বারবার জরিমানার পরও যদি কেউ অনৈতিক ব্যবসা চালিয়ে যায়, তবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।