
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একটি সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
আজ দুপুরে তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়, নীলফামারী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কিশোরগঞ্জ উপজেলার শরীফ এন্টারপ্রাইজের “এসপি স্পেশাল লাচ্ছা সেমাই” কারখানায় একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারখানায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই সংরক্ষণ ও মোড়কজাত করা হচ্ছিল। একইসঙ্গে পঁচা ময়লা ও আবর্জনার স্তুপের পাশে সেমাই প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল।
অভিযানকালে আরও দেখা যায়, ডালডা গলানো ও সেমাই তৈরিতে পোড়া তেল ব্যবহার করা হচ্ছে। কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সামগ্রী ব্যবহার না করা, কম ওজন দিয়ে পণ্য মোড়কজাত করা এবং অননুমোদিত রাসায়নিক ব্যবহার করার বিষয়টিও প্রমাণিত হয়।
উল্লেখিত অপরাধসমূহের দায় স্বীকারের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। একইসঙ্গে কারখানায় ব্যবহৃত অননুমোদিত কেমিক্যাল ধ্বংস করা হয়।
এসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
কর্তৃপক্ষ জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।