
রাজশাহী ব্যুরো:
বগুড়ার আদমদীঘী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে আদমদীঘী থানাধীন বিভিন্ন এলাকায় ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে ২ পিস ইয়াবাসহ সুজন (৩৪) কে আটক করা হয়।
আটককৃত সুজন জেলার আদমদীঘী থানাধীন কেল্লাপাড়া ছাতনী এলাকার নজরুলের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানের সময় ঘটনাস্থলেই উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম বলেন, “মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইন প্রয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, “মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে আমাদের কার্যক্রম আরও জোরদার করা হবে।”