
উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ধরলা সেতু ও সংলগ্ন নদী রক্ষা বাঁধ এলাকায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জেলার অন্যতম বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত ধরলা নদীর তীর ঈদের দিনজুড়ে পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
ঈদের নামাজ শেষে সকাল থেকেই দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধরলা সেতু ও আশপাশের এলাকাজুড়ে ভিড় আরও ঘন হয়ে ওঠে। সন্ধ্যার পর পুরো এলাকা নেয় উৎসবের রূপ, যা গভীর রাত পর্যন্ত স্থায়ী হয়।
দর্শনার্থীদের মধ্যে কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে কিংবা স্মৃতিময় মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন। নদীর নির্মল বাতাস, মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং খোলামেলা আবহ মানুষকে এনে দেয় বাড়তি স্বস্তি ও আনন্দ।
অনেককে মোটরসাইকেলে করে টি-বাঁধ এলাকায় ঘুরে বেড়াতেও দেখা গেছে। বাড়তি জনসমাগম সামাল দিতে ট্রাফিক বিভাগ ধরলা সেতু এলাকায় ওয়ানওয়ে সিস্টেম চালু করে, ফলে যানজট নিয়ন্ত্রণে কিছুটা স্বস্তি ফিরে আসে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ঈদের ছুটিতে বাড়ি ফেরা অনেক মানুষও ধরলা পাড়ে এসে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। দূর-দূরান্ত থেকে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকলেও স্থানীয়দের উপস্থিতিই ছিল বেশি।
এদিকে, ঈদের আনন্দ ঘিরে ধরলা পাড়ে ভিড় আরও চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান, “প্রতি বছরের মতো এবারও ঈদে ধরলা পাড়ে ব্যাপক জনসমাগম হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”