
মুহাম্মদ সানাউল্লাহ সাকিব,সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর থানার পুলিশের বিশেষ অভিযানে ২২টি মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গতকাল রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকার চকবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম জসীম উদ্দীন (৪৫)। তিনি সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষীরা গ্রামের আমির আলীর ছেলে।
থানা পুলিশ জানায়, জসীমউদ্দীনের বিরুদ্ধে একটি জিআর সাজা ওয়ারেন্ট, দুটি সিআর সাজা ওয়ারেন্ট, দুটি জিআর ওয়ারেন্ট এবং ১৭টি সিআর ওয়ারেন্টসহ মোট ২২টি মামলার ওয়ারেন্ট ছিল। বিভিন্ন মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে এসব ওয়ারেন্ট জারি করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান,”গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক থেকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানা পুলিশের একটি চৌকস টিম ঢাকার চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এবং তাকে আটক করতে সক্ষম হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।