
আলমডাঙ্গা প্রতিনিধিঃ
|চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে ঘর নির্মাণের সময় মাটি খুঁড়তে গিয়ে একটি পিতলের কলসের ভেতর থেকে পাঁচটি ধাতব মূর্তি উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (গতকাল) বিকেল প্রায় ৪টার দিকে মোজাম আলীর ছেলে জমিরউদ্দীনের বাড়িতে নির্মাণকাজ চলাকালে শ্রমিকরা কোদাল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে কলসটি খুঁজে পান। কলসের ভেতরে মূল্যবান কিছু থাকতে পারে—এমন খবর ছড়িয়ে পড়তেই গ্রামজুড়ে কৌতূহলী মানুষের ভিড় জমে।
খবর পেয়ে চুয়াডাঙ্গা ৬ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কলসটি উদ্ধার করেন। পরে কলসের ভেতর থেকে পাঁচটি ধাতব মূর্তি পাওয়া যায়। প্রথমদিকে অনেকেই এগুলো স্বর্ণের মূর্তি বলে ধারণা করায় এলাকায় ‘গুপ্তধন’ পাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে পরবর্তীতে চুয়াডাঙ্গা গোল্ড টেস্টিং অ্যান্ড হলমার্ক সেন্টারে পরীক্ষার পর জানা যায়, মূর্তিগুলো তামা বা তামাজাতীয় ধাতু দিয়ে তৈরি। নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলে সাংবাদিকদের প্রবেশ কিছু সময়ের জন্য সীমিত রাখা হলে স্থানীয়দের কৌতূহল আরও বাড়ে এবং বিষয়টি নিয়ে দিনভর আলোচনা চলতে থাকে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের দিকনির্দেশনায় এবং নায়েক সুবেদার জাকির হোসেনের নেতৃত্বে খোরদ গ্রামের চিনি পাড়া বিশ্বাস বাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ কেজি ৯৮২ গ্রাম ওজনের একটি পুরাতন পিতলের কলসের ভেতর থেকে আনুমানিক ১ কেজি ৭৩২ গ্রাম ওজনের পাঁচটি মূর্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।