
ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মাসেতু রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দূর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ও ড. রহিমা খাতুনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মাদারীপুর দূর্ণীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয় ( দুদক)। এ তালিকায় তারা দু’জন ছাড়াও আরো ১১ জন রয়েছেন তারা হলেন- সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ ও জোটন চন্দ্র, সাবেক ভূমি অধিগ্রহন কর্মকর্তা ও সদর উপজেলার সাবেক ইউএনও মোঃ সাইফুদ্দিন গিয়াস, ভূমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ সুমন শিবলী, প্রমথ রঞ্জন ঘটক, মোঃ আল মামুন, মোঃ নাজমুল হক সুমন, জেলা প্রশাসক কার্যালয়ের কানুনগো মোঃ নাসিরউদ্দিন (ভারপ্রাপ্ত), মোঃ আবুল হোসেন, রেজাউল হক এবং কালেক্টরেট রেকর্ড শাখার রেকর্ডকিপার মানিক চন্দ্র মন্ডল।
মঙ্গলবার (২৯ জুলাই) দুদকের মাদারীপুর কার্যালয় এ সংক্রান্ত নোটিশ মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় সহ সাবেক দুই জেলা প্রশাসকসহ অভিযুক্তদের কাছে পাঠিয়েছে।
উল্লেখিত ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদনের জন্য দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানকে দলনেতা ও সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপুকে সদস্য করে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান সংশ্লিষ্ট তথ্যাদি দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ১৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ এর বিধি ৮ অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে।