
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছর: প্রতিবন্ধকতা ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিতব্য এ সভায় সাংবাদিকতার চ্যালেঞ্জ, গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এলাকার নাগরিক প্রত্যাশা, জনস্বার্থে সাংবাদিকতার ভূমিকা এবং রাজাপুরের উন্নয়ন ও সামাজিক সমস্যা তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগ তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাও একান্ত প্রয়োজন।
তাঁরা আরও বলেন, স্থানীয় সাংবাদিকদের নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে কাজ করতে হয়। এসব চ্যালেঞ্জ উত্তরণে সাংবাদিকদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং নাগরিকদের ইতিবাচক অংশগ্রহণ জরুরী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি এ্যাড. আক্কাস সিকদার, রাজাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি বারেক সিকদার, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সেচ্ছাসেবক দলের উপজেলা আহব্বায়ক বাবু রতন দেবনাথ। প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম বাবুল, এসময় উপস্থিত ছিলেন রাজাপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।
রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছর : প্রতিবন্ধকতা ও নাগরিক প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খান।