বিশেষ প্রতিবেদকঃ
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর দায়িত্ব পেয়েছেন বিএনপির পাঁচ নেতা। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত একটি বিশেষ টিমের সদস্য হিসেবে তাঁরা এ দায়িত্ব পালন করছেন।
বিশেষ টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করা এই টিমকে সার্বিকভাবে সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য নাশকতা প্রতিরোধের পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলে সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচ সদস্যের এই টিমকে। বিশেষ করে আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর জোর দিচ্ছে দলের হাইকমান্ড।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাংগঠনিক বিভাগের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিশেষ টিমের দায়িত্বশীল এক নেতা জানান, তাঁদের কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। পাশাপাশি কেন্দ্রের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃত্বের সমন্বয় বাড়ানো হবে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত