নিজস্ব প্রতিবেদকঃ
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা নিক্ষেপ এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে দলটিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন।
পোস্টে তিনি দাবি করেন, শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। এসব হামলার সময় হামলাকারীদের অনেককে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।
গ্রামীণ ব্যাংকের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিকভাবে ‘গরিবের ব্যাংক’ হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে। চলতি বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার পাওয়ার ২০ বছর পূর্তি হচ্ছে।
ব্যাংকটির মালিকানা কাঠামো সম্পর্কে তিনি জানান, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশের মালিক সরকার। অধ্যাপক ইউনূস প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন এবং এর কার্যক্রমের ভিত্তি গড়ে তুলেছেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই ব্যাংকটিকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ।
এসব হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারার বিষয়টিও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তাঁর দাবি, গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বারবার অগ্নিসংযোগের ঘটনা বন্ধ করে হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির কর্মীরা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাঁর দাবি, ভারতের মাটি থেকেও এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এই আন্তসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত