আন্তর্জাতিক ডেস্কঃ
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। দেশগুলো বলেছে, এ রায় রোহিঙ্গা ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের ন্যায়বিচার এবং দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা।
বিবৃতিতে বলা হয়, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি-সংক্রান্ত সনদের আওতায় গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে দেশগুলো। আদালত মিয়ানমারকে গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য দায়ী করেছেন।
আইসিজের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও আদালতের সিদ্ধান্ত অনুযায়ী দেশটিকে তার সব দায়বদ্ধতা পূরণ করতে হবে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, বছরের পর বছর ধরে রোহিঙ্গারা ভয়াবহ সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন। আইসিজের রায় স্পষ্ট করে দিয়েছে, এ ধরনের অপরাধ দায়মুক্তির সুযোগে সংঘটিত হতে পারে না।
রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দিয়েছে দেশগুলো।
বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার শিকার ব্যক্তি ও বেঁচে যাওয়া মানুষদের ন্যায়বিচারের পাশাপাশি মিয়ানমারের সব জনগণের জন্য শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ প্রতিষ্ঠার প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে তারা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত