আলোকিত নিউজ ডেস্কঃ
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবে কত টাকা মজুরির সুপারিশ করা হয়েছে, তা এখনই প্রকাশ করতে রাজি নয় নিম্নতম মজুরি বোর্ড। আলোচনা শেষ করে পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
সাংবাদিকেরা গণমাধ্যমে প্রকাশিত মালিকপক্ষের ১৪ হাজার থেকে ১৪ হাজার ৩০০ টাকা মজুরির প্রস্তাবের কথা উল্লেখ করলে চেয়ারম্যান বলেন, এ অঙ্ক একেবারেই অবাস্তব।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৈরি পোশাকশিল্প খাতের নিম্নতম মজুরি বোর্ডের চলমান তৃতীয় সভার বিরতিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারসহ বোর্ডের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টায় সভা শুরু হয়। নামাজের বিরতিসহ বিকেল প্রায় ৪টা পর্যন্ত সভার কার্যক্রম চলে। বোর্ডের সব সদস্য এতে অংশ নেন। শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের বিশ্লেষণ ও মতামত তুলে ধরেছেন। তবে তখনো আলোচনা শেষ হয়নি।
চেয়ারম্যান বলেন, আজকের সভায় মালিকপক্ষ লিখিতভাবে তাদের প্রস্তাব জমা দিয়েছে। এর আগে প্রথম ও দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের প্রস্তাব উপস্থাপন করেছে। বর্তমানে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, বড় ও মাঝারি কারখানা পরিদর্শন করে বোর্ড যেসব তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে, সেগুলোও সভায় তুলে ধরা হয়েছে।
মালিকপক্ষের প্রস্তাবের অঙ্ক প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, আলোচনা শেষ হওয়ার আগে কোনো অঙ্ক জানানো হবে না। বোর্ডের সুপারিশ এবং সরকারের চূড়ান্তভাবে নির্ধারিত মজুরি বাস্তবায়নের দায়িত্ব মালিকপক্ষের। তাই কোনো পক্ষের মধ্যে বিভ্রান্তি বা অযথা উত্তেজনা সৃষ্টি হোক, তা তারা চান না। আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে প্রস্তাব প্রকাশ না করার বিষয়ে বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে বিভিন্ন অঙ্ক ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি বা বক্তব্য দেবে, সেটিই গ্রহণযোগ্য হবে। ব্যক্তিগতভাবে কেউ সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অন্য কোনো মাধ্যমে তথ্য দিলে তা বোর্ডের সরকারি বক্তব্য হিসেবে বিবেচিত হবে না।
শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মজুরি নির্ধারণের কাজ চলছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। বাংলাদেশের অন্য কোনো রপ্তানিমুখী খাতে এত বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান নেই। তাই শ্রমিকদের স্বার্থের পাশাপাশি দেশের বাস্তবতাও বিবেচনায় নেওয়া হচ্ছে। শ্রম আইন অনুযায়ী যেসব বিষয় বিবেচনার কথা রয়েছে, সেগুলো নিয়েই আলোচনা ও বিশ্লেষণ চলছে। বোর্ড অবাস্তব কোনো সিদ্ধান্ত নিতে চায় না।
শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধানের কারণে আলোচনা স্থগিত রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সৈয়দ আজাদ সুবহানী বলেন, আলোচনা এখনো শেষ হয়নি। আলোচনা শেষ না হলে সিদ্ধান্ত জানানোর সুযোগ নেই। শ্রমিকপক্ষের দাবিগুলো বিভিন্ন মাধ্যমে আগেই প্রকাশিত হয়েছে। মজুরি বোর্ড গঠনের আগে ও পরে বিভিন্ন শ্রমিক সংগঠন স্মারকলিপি দিয়েছে। সেদিনও শ্রমিকনেত্রী নাজমা আক্তারের নেতৃত্বে একটি দল বোর্ডের কাছে স্মারকলিপি দিয়েছে। তবে মালিকপক্ষ আজকের সভায় আনুষ্ঠানিকভাবে তাদের প্রস্তাব জমা দিয়েছে। সেটি নিয়েই আলোচনা চলছে।
শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি পাবেন কি না, জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ন্যায্যতা একমাত্র দিতে পারেন মহান রাব্বুল আলামিন বা সৃষ্টিকর্তা। বোর্ড প্রাপ্ত তথ্য-উপাত্ত এবং নিজেদের সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করছে। ব্যক্তিগতভাবে তিনি ও বোর্ডের অন্য সদস্যরা শ্রমিকদের ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা করছেন। চেয়ারম্যান হিসেবে নিজের আইনি ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করে বিষয়গুলো সমন্বয়ের চেষ্টা করছেন বলেও জানান তিনি।
মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শেষ করার বিষয়ে চেয়ারম্যান জানান, বোর্ডের আইনগত মেয়াদ ছয় মাস, যা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। তবে তারা যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে চান। নিয়ম অনুযায়ী প্রতি সাত দিন পরপর সভা করার কথা থাকলেও শ্রমিকদের স্বার্থ ও রাষ্ট্রের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় স্বল্প সময়ের ব্যবধানে পরবর্তী সভাগুলো আয়োজনের চেষ্টা চলছে। প্রয়োজনে আগামীকালও সভা হতে পারে।
এদিকে বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা ও ভাঙচুরের বিষয়ে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা হচ্ছে, তা তারা অস্বীকার করছেন না। তবে শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি যৌক্তিক ও বৈধ উপায়ে জানাচ্ছেন। রাস্তাঘাটে গাড়ি ভাঙচুরের মতো ঘটনা কোনো ন্যায্য দাবিদার শ্রমিকের কাজ হতে পারে না বলে তিনি মনে করেন।
চেয়ারম্যান আরও বলেন, শ্রমিকদের দাবি ও অধিকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শ্রমিকদের স্বার্থ, শিল্পের বাস্তবতা এবং রাষ্ট্রের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য মজুরি সুপারিশ করাই বোর্ডের লক্ষ্য।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত