স্টাফ রিপোর্টারঃ
টেলিভিশন নাটকের পরিচিত মুখ নুসরাত লিয়া এবার মঞ্চনাটকেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিলেন। জেনেসিস থিয়েটারের আয়োজনে মঞ্চস্থ হওয়া ‘একজন আমিনা’ নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘আমিনা’র ভূমিকায় অনবদ্য অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। নাটকটি নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা।
সম্প্রতি রাজধানীতে জেনেসিস থিয়েটারের বিশেষ প্রদর্শনীতে নাটকটি মঞ্চস্থ হয়। ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের পাশাপাশি মঞ্চের মতো কঠিন ও সরাসরি মাধ্যমে নুসরাত লিয়ার এই সাবলীল উপস্থিতি নাট্যবোদ্ধা ও দর্শকদের নজর কেড়েছে। পুরো নাটকজুড়ে ‘আমিনা’ চরিত্রের টানাপোড়েন, আবেগ এবং সংগ্রামের চিত্র তিনি অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।
নাটকটির নির্দেশক নূর হোসেন রানার নান্দনিক নির্দেশনায় মঞ্চের আলো, আবহসংগীত ও অভিনয়শিল্পীদের সমন্বয় প্রদর্শনীটিকে প্রাণবন্ত করে তোলে। প্রদর্শনী শেষে উপস্থিত দর্শক ও নাট্যকর্মীরা নুসরাত লিয়ার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন।
মঞ্চে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে নুসরাত লিয়া জানান, টেলিভিশনের চেয়ে মঞ্চের পরিবেশ ও চ্যালেঞ্জ ভিন্ন। জেনেসিস থিয়েটার এবং নির্দেশক নূর হোসেন রানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমিনা’ চরিত্রটি তাঁর অভিনয় জীবনের অন্যতম স্মরণীয় একটি কাজ হয়ে থাকবে।
নির্দেশক নূর হোসেন রানা বলেন “আমিনা চরিত্রটি ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে নুসরাত লিয়া তাঁর মেধা ও পরিশ্রম দিয়ে চরিত্রটিকে দারুণভাবে ধারণ করেছেন, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। ভবিষ্যতেও মানসম্মত গল্প ও চ্যালেঞ্জিং চরিত্রে নিয়মিত কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত